জেল সুপারের গাড়ীর ধাক্কায় আহত ট্রেজারী সুপারের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:০৩
খাগড়াছড়িতে জেল সুপারের গাড়ীর ধাক্কায় গুরুতর আহত জেলা ট্রেজারী অফিসের সুপারেন্টেন্ডেন্ট পূর্ণধর চাকমা (৫৫) এগার দিন পাঞ্জা লড়ে গত শুক্রবার মারা গেছে। ভারপ্রাপ্ত জেল সুপার অঞ্জন কুমার সরকার ডাবল কেবিন পিকআপ (খাগড়াছড়ি-ট-১১-০০০৯) নিয়ে শহরের কোর্ট রোডে ড্রাইভিং শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে তুলে দিলে পূর্ণধর চাকমাসহ ৫ জন আহত হয়। ওই সময় পূর্ণধর চাকমা অফিসের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ওই দিন রাতেই তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল পরে আশঙ্কাজনক অবস্থায় সেনাবাহিনীর এ্যাম্বুলেন্সে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ চিকিত্সার পর তাকে চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক সিএসসিআর-এ ভর্তি করা হয়। বিক্ষুব্ধ জনতা জেলা ট্রেজারী অফিসের সুপারেন্টেন্ডেন্ট পূর্ণধর চাকমা হত্যার বিচার দাবিতে শহরের শাপলা চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এব্যাপারে খাগড়াছড়ি সদর থানায় ঘটনার পর পর পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন পুলের গাড়ী চালক রামেন্দু ত্রিপুরাকে প্রধান আসামি করে মামলা রুজু করে। অপরদিকে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মোজাম্মেল হককে প্রধান করে একটি তদন্ত টীম গঠন করলেও তদন্তের আগেই জেলা প্রশাসক তার কার্যালয়ের এনডিসি ও ভারপ্রাপ্ত জেল সুপার অঞ্জন কুমার সরকারকে তার পদ থেকে অন্যত্র সরিয়ে দেয়ার পর তিনি আত্মগোপন করেছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের একটি সূত্র জানান, আত্মগোপন নয় তিনি ছুটিতে রয়েছেন।