বান্দরবানের পাহাড়ে পর্যটন শিল্প বিকাশের উদ্যোগ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:০৩
পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশে বান্দরবানে নানা উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার পর্যটন শিল্পের বিকাশে বান্দরবান পর্যটন মোটেল সভাকক্ষে ট্যুরিজম বোর্ডের আয়োজনে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী, পরিবহন, হোটেল-মোটেল রেষ্টুরেন্ট মালিক-শ্রমিকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের দিনব্যাপী সচেনতনামূলক বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। এসময় অন্যান্যদের মধ্যে পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান কবির, কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে ট্যুরিজম বোর্ডের উপ-সচিব কামরান জাহান, উপ-ব্যবস্থাপক মোজাহের হোসেন, বাংলাদেশ ট্যুর অপারেটরর্স এসোসিয়েশন (টোয়াব) সভাপতি হাসান মনসুরসহ প্রশাসন, ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ডিসি একেএম তারিকুল ইসলাম সভাপতিত্ব করেন। ট্যুরিজম বোর্ডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান কবির বলেন, পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীগুলোকে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। স্থানীয়দের সম্পৃক্ততা ছাড়া দেশের কোথাও পর্যটনের উন্নয়ন সম্ভব নয়।