সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আজ রবিবারের হরতাল স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সসহ বিভিন্ন পরীক্ষার কারণে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। গ্রেফতারকৃত নেতাদের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ হরতালের হুমকি দিয়েছিলো শিবির। তবে ৭২ ঘন্টার মধ্যে সরকার তাদের দাবি না মানলে ২ জুলাই থেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে গতকাল শনিবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল করেছে। দুপুর ১২টার দিকে পল্টনের হাউজ বিল্ডিং ফাইন্যান্সকরপোরেশন ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পল্টনের হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনের সামনে ৪/৫ যুবক শিবিরের বিভিন্ন স্লোগান দিতে দিতে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটায়।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কয়েকটি স্থানে গতকাল শনিবার ছাত্রশিবির ঝটিকা মিছিল বের করে এবং ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে।
রাজশাহী অফিস জানায়, রাজশাহী মহানগরীর রাণীবাজার এবং কাজলায় গতকাল ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের পৃথক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে শিবির কর্মীদের ইটপাটকেলের জবাবে পুলিশ লাঠিচার্জ ছাড়াও অনুমান অর্ধশত সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বরিশাল অফিস জানায়, নগরীতে ইসলামী ছাত্রশিবির গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে বেলা ১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সিএন্ডবি রোড এলাকায় একটি ট্রাক, একটি মাহেন্দ্র ও ২টি অটোরিকশাসহ মোট ৪টি যানবাহনে ভাংচুর চালানো হয়।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া শহরে শিবিরের পোস্টার লাগানোর সময় পুলিশ এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে। শনিবার ভোর ৫টার দিকে শহরের চকসুত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গত ৩ মার্চ শহরের শেরপুর রোডে এসএ কুরিয়ার সার্ভিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ শহরে আবারো পুলিশের চোখ ফাঁকি দিয়ে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। গতকাল শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের নিতাইগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে শিবিরের লোকজন রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়।
রংপুর প্রতিনিধি জানান, নাশকতার অভিযোগে রংপুরে শিবিরের ৫ ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে রংপুর মহানগরী ও গঙ্গাচড়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
