ম্যান্ডেলার সাহসিকতা বিশ্ববাসীর প্রেরণা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:১৮
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাহসিকতা বিশ্ববাসীর প্রেরণা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ম্যান্ডেলাকে বর্ণবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক বলে উল্লেখ করেছেন। তিনি গতকাল শনিবার ম্যান্ডেলার পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের। গত তিন সপ্তাহ ধরে প্রিটোরিয়ার হাসপাতালে চিকিত্সাধীন অসুস্থ ম্যান্ডেলাকে দেখতে যাননি ওবামা। তিনি গেলে হাসপাতালে চিকিত্সায় ব্যাঘাত ঘটতে পারে এই কারণে ওবামা যাননি বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওবামা গতকাল শনিবার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা স্মৃতি সেন্টারে পরিবারের সঙ্গে সাক্ষাত্ করেছেন। হাসপাতালে স্বামীর পাশে থাকা গ্রাসা ম্যাসেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওবামা এবং ম্যান্ডেলার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। ওবামা বলেন, আমি আশা করি আদিবা শান্তিতে আছেন। ওবামা এই কঠিন সময়ে ম্যান্ডেলার পরিবারকে অন্তর থেকে সমবেদনা জানান। এর আগে ওবামা দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে বৈঠকের পর রাজধানী প্রিটোরিয়ার এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ম্যান্ডেলার সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা দিবে। শুক্রবার ওবামা সাংবাদিকদের জানান, হাসপাতালে ম্যান্ডেলার সঙ্গে ছবি তোলার আগ্রহ তার নেই। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন অবসান এবং কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠায় ম্যান্ডেলার সংগ্রামের কথা স্মরণ করে ওবামা বলেন, নীতির প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত ম্যান্ডেলা তৈরি করেছেন তা প্রেরণার উত্স হয়ে থাকবে। সামপ্রতিক দিনগুলোতে ম্যান্ডেলার প্রতি মানুষের ভালোবাসার যে প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে তা ধর্ম, বর্ণ, গোত্র ও দেশ নির্বিশেষে মানুষের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকেই ঊর্ধ্বে তুলে ধরছে বলে মনে করেন ওবামা। এ সময় প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ওবামা ও ম্যান্ডেলা দু’জনই ইতিহাসের অংশ এবং তারা আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের কোটি মানুষের স্বপ্নকে সামনে নিয়ে এসেছেন, যারা এর আগে সব সময় নিপীড়িত হয়েছে।