জিএসপি ফিরিয়ে দিতে ওবামা প্রশাসনকে চিঠি দেবে বিএনপি

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:১৯
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের জন্য বিশেষ সুবিধা ‘জিএসপি’ ফিরিয়ে দিতে শিগগিরই ওবামা প্রশাসনের কাছে চিঠি দেবে বিএনপি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ ীয় অফিসে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ’বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার চিঠিতে আমেরিকা জিএসপি সুবিধা স্থগিত করেছে’— তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, তথ্যমন্ত্রী অসত্য তথ্য দিয়েছেন। তিনি বলেন, চিঠি দেয়ার অভ্যাস আওয়ামী লীগের রয়েছে। অতীতে তারা যখন বিরোধী দলে ছিলেন তখন আইএমএফ ও বিশ্ব ব্যাংককে ঋণ বন্ধের জন্য চিঠি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া কোথাও কোনো চিঠি দেননি। মির্জা আলমগীর দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি দাবি করেন। সাংবাদিক সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, রাজশাহীর নব নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। বাজেটে জনগণের উপকার হবে না জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট জনগণের কোন উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাজেট নিয়ে আলোচনা করে কোন লাভ নেই, তারা যা করার তাই করবে, চুরি-চামারি করবে। সরকার সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় বাজেট ২০১৩-২০১৪ নিয়ে এমবিএ এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় ম্যাব সভাপতি সৈয়দ আলমগীর জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহম্মেদ, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন প্রমুখ।