শকুন নয় ড্রোন

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:২০
দক্ষিণ আফ্রিকায় গত শুক্রবার পুলিশ এক চলচ্চিত্র নির্মাতাকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রিটোরিয়ার হাসপাতালের উপরে হেলিকপ্টারে ক্যামেরা লাগিয়ে চারপাশের ছবি তুলছেন। এই হাসপাতালে গত তিন সপ্তাহ ধরে চিকিত্সাধীন রয়েছেন বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। ক্যামেরাযুক্ত এই হেলিকপ্টারকে তুলনা করা হচ্ছে ড্রোনের সঙ্গে। খবর রয়টার্সের। চলচ্চিত্র নির্মাতা এফ সি হাম্মান তার ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালের ওপর থেকে নিচের ছবি তুলছিলেন। এ সময় পুলিশ তাদের হেলিকপ্টার থেকে নামিয়ে ওই ক্যামেরাসহ হাম্মানকে নিয়ে যায়। হাম্মানকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হলেও তার ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে। হাম্মান জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে তাকে আটক করা হয়েছিল। তবে পুলিশ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেনি। তিনি কেবল ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানিয়ে তার শুভাকাঙ্ক্ষীদের কার্যক্রমের ছবি তুলতে চেয়েছিলেন। গত বৃহস্পতিবার ম্যান্ডেলার মেয়ে মাকাজিউই বিদেশি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, গণমাধ্যম শকুনের মতো আচরণ করছে। সাংবাদিকরা ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করছেন না। হাম্মান জানান, তিনি উড়ন্ত ক্যামেরা তৈরি করেছেন। এমনকি তিনি পুলিশকেও সহযোগিতা করেছেন। পুলিশ এই ক্যামেরা দিয়ে মাদক ব্যবসায়ীদের ওপর পর্যবেক্ষণ করেছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অনুমতি ছাড়া এভাবে ছবি তোলা ঠিক নয়।