আজ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সড়ক নৌ-পথ অবরোধ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:২০
পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে আজ রবিবার থেকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। গতকাল শনিবার খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গুইমারায় তিন সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটির দীপংকর তালুকদার ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুরের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। পিসিপির গুইমারা থানা সভাপতি চিত্রজ্যোতি চাকমার সভাপতিত্বে গতকাল গুইমারা বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা পঞ্চদশ সংশোধনীতে তিন পার্বত্য সংসদ সদস্য পাহাড়িদের পক্ষে ভূমিকা না রাখার অভিযোগ করেন। এ সময় সমাবেশে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অংগ্য মারমা বক্তব্য রাখেন।