বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় উইমেন হরলিকস ২২ জুন আয়োজন করে উইমেন লিডারশিপ সামিট ২০১৩। অনুষ্ঠান জুড়েই ছিল নারীদের জয়জয়কার। গান, ছায়াচিত্র, বক্তা ও শ্রোতাদের কথোপকথনের মধ্য দিয়ে তুলে ধরা হয় বিভিন্ন অঙ্গনের নারীদের অর্জন, তাঁদের অগ্রগতি ও সাফল্যগাথা। অনুষ্ঠানে ছায়াচিত্রের মাধ্যমে নারীদের জীবনের পরিবর্তন তুলে ধরা হয়। কখনো কন্যার ভূমিকায়, কখনো বা স্ত্রী, বাড়ির বউ, কখনো মমতাময়ী মা, আবার কখনো কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষদের সঙ্গে কাজ করছে কর্মজীবনে। সাফল্য অর্জন করছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক, কৃষি, ক্ষুদ্রঋণ, পোশাকশিল্পে, নির্মাণকাজ থেকে বিমান চালনাসহ প্রতিটি ক্ষেত্রে। এই এগিয়ে যাওয়ার সময় আমাদের করণীয় কী হতে পারে, তা নিয়ে মঞ্চে আলোচনা করলেন বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সেলিমা আহমাদ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা রিজওয়ানা হাসান। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন সমাজের ক্ষমতায়িত নারীদের শুভেচ্ছা জানান। তিনি তাঁদের আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
