সদ্য বিদায়ী ২০১২-১৩ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আদায় পূর্বের অর্থ বছরের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ২৯ শতাংশ। আর ২০১১-১২ অর্থ বছরে এই প্রবৃদ্ধির হার ছিল ২৪ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে আয়কর আদায় লক্ষ্যমাত্রাকে অতিক্রম করতে সমর্থ হয়েছে এনবিআর। গত অর্থ বছরে এনবিআরের আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। আর আদায় হয়েছে ৩৬ হাজার ৪৭২ কোটি টাকা। আয়কর আদায় সংক্রান্ত এনবিআরের প্রাথমিক হিসাবে এ পরিসংখ্যান উঠে এসেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের অর্থ বছরে ২৭ হাজার ৮৬১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ২৮ হাজার ৬৫২ কোটি টাকা। আর চলতি ২০১৩-১৪ অর্থ বছরে আয়কর আদায় করতে হবে ৪৮ হাজার ২৯৭ কোটি টাকা।
সূত্র জানিয়েছে, আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা গেলেও রাজস্বের অন্য দুইটি বড় খাত আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে গত সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না। গত বছর তিনটি খাতে রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। আর চলতি ২০১৩-১৪ অর্থ বছরে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা নির্ধারণ করে গতকাল সংসদে বাজেট পাস হয়েছে। এর মধ্যে আয়কর ছাড়াও ভ্যাট ৪৯ হাজার ৯৫৫ কোটি, শুল্ক ৩৬ হাজার ৮৩৭ কোটি ও অন্যান্য খাতে আরো ১ হাজার কোটি টাকা আদায় করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
