‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০১৩’ উদযাপন ও প্রয়াত নাট্যকার সাঈদ আহমদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ তার নিজস্ব মিলনায়তন নাট্যমণ্ডলে আজ থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রর্দশনী করতে যাচ্ছে পারস্য প্রতিভা ফেরদৌসী রচিত মহাকাব্য শাহনামা অবলম্বনে ‘সোহরাব-রুস্তম’। বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রা আঙ্গিকের এই পরিবেশনাটির পালাকার শ্রী ব্রজেন্দ্র কুমার দে এমএবিটি ও নিদের্শক অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। পালাটি প্রসঙ্গে ড. ইসরাফিল শাহীন বলেন, ‘যাত্রা কেবল একটি ঐতিহ্য নয়, আমাদের ঘটমান জীবন প্রবাহের বলিষ্ঠ প্রকাশ। বর্তমান সময়ের নানান ভীরুতা ও বামন জীবন-যাপনের প্রেক্ষাপটে যাত্রা আঙ্গিকের বাস্তব-অতিরিক্ত উচ্ছ্বাস ও শক্তিকে আবিষ্কার করা এবং একে নতুন সময়ের দাবি দিয়ে বিশেষভাবে দর্শকের কাছে প্রবাহিত করার একটি লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। যাত্রার মধ্য দিয়ে দর্শকের কাছে গল্প বলার বিষয়টিই ঘুরে ফিরে আসে। এটা হলো দর্শকের সাথে অভিনেতার কথা বলা। শিল্পের সাথে জনগণের বিচ্ছেদ দূর করা। নাট্যশিল্প কোনো মায়াবী গোলকধাঁধা নয়। এখানে জীবন নিয়ে জীবিতরা জীবিতদের সাথে কথা বলে। যাত্রা যেমন মায়াবাদ প্রত্যাখ্যান করে, অনুরূপভাবে এই প্রযোজনাও ইল্যুশন কে নাকচ করে। অভিনেতারা দর্শকের সাথে সরাসরি মোকাবিলা করে।’ উল্লেখ্য, যাত্রাপালাটিতে অভিনয় করছেন নাট্যকলা বিভাগের ২য় বর্ষ ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ।
