প্রসূতি মৃত্যুর ঘটনায় ডাক্তার কারাগারে

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২১
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা গত শনিবার দুপুরে মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রহমান সেলিমের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। গত ১০ জুন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে উপজেলার বকচর গ্রামের মাওলানা মো. শোয়াইব হাসানের স্ত্রী অন্তঃসত্ত্বা খোরশেদা আক্তার (২৯) ৯ জুন ভর্তি হন। ডা. আব্দুর রহমান সেলিম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান ভূমিষ্ট হয়। পরদিন রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিত্সার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়। স্ত্রীকে ভুল অপারেশনের মাধ্যমে হত্যার অভিযোগ এনে প্রসূতির স্বামী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের নামে মামলা দায়ের করেন। গত ২৬ জুন এ মামলায় রাজবাড়ী আদালতে ডা. আব্দুর রহমান সেলিম আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।