লালমনিরহাটের দশ ইউপি সদস্য বরখাস্ত

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২৩
এলজিএসপি’র প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ১০ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১১-১২ অর্থবছরে দলগ্রাম ইউনিয়নের এলজিএসপি’র (দ্বিতীয় পর্যায়) ১১ লাখ ৫৮ হাজার ৫৮৮ টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থে পুরাতন ইউপি ভবনের দরজা-জানালা, ছাদ তৈরিকরণ ও ইউপি অফিসের মাঠে বৃক্ষরোপণ, রাস্তায় রিং পাইপ স্থাপন, ৯টি ওয়ার্ডে গরীব জনগণের মধ্যে রিংস্লাব সরবরাহকরণ প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলুল জাহিদ পাভেলের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বর মাসে তিন সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পান। যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হলে গত ২৭ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি শাখা প্রেরিত চিঠিতে ওই ইউনিয়নের ১০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন, আব্দুল আজিজ, গোলাপ হোসেন, মিরাজ উদ্দিন, ধনেশ্বর রায়, মোজাফফর হোসেন, কাবেজ আলী, আবু হোসেন, হামিদা বেগম, মিনতী রানি, হেমলতা রায়।