জীবননগরে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর ও দেহাটিতে শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার একতারপুর ও দেহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। আমির হোসেনের সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বক্তব্য রাখেন একতারপুর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক লুত্ফর রহমান।
মুরাদনগরের জিএম উচ্চ বিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মুরাদনগর উপজেলার কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ৪ জন অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো.ফজলুল হক, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, জাকারিয়া ভূইয়া ও হাফেজা বেগম জয়ী হন। নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দেবীগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস গতকাল রবিবার দেবীগঞ্জে আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। শুরুতে সাঁওতাল সমপ্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ,শিশু সমন্বয়ে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
লোকাল ল্যাভেল স্যান্সিটাইজেশন সভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ গতকাল রবিবার নেত্রকোনার মদনে লাইফ এনজিওর উদ্যোগে লোক ল্যাভেল স্যান্সিটাইজেশন এক সভা লাইফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চানগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইফ এনজিও ম্যানেজার মোতাহার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম।
সদরপুরে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুরে জাতীয় সংসদ সদস্যের ত্রাণ তহবিল থেকে উপজেলার ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের নিলুফার জাফরউল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্। ৯টি ইউনিয়নের ৩৪টি দুস্থ পরিবারের মাঝে ৪৪ বান্ডেল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করেন তিনি।
তারাবো ও কাঞ্চন পৌরসভার বাজেট ঘোষণা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নতুন করারোপ না করে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট গতকাল রবিবার ঘোষণা করা হয়েছে। তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী ৫৬ কোটি ৪১ লাখ ৫ হাজার ২৫২ টাকার এ বাজেট ঘোষণা করেন।
সেতাবগঞ্জে পৌরসভার বাজেট ঘোষণা
বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ পৌরসভার ৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সেতাবগঞ্জ পৌরসভার মিলনায়তনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর মেয়র আব্দুস সবুর অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার সচিব হরিপদ রায়, সহকারী প্রকৌশলী মোঃ রইসউদ্দীন মিয়াসহ পৌরসভার কাউন্সিলর ও জাতীয় এবং স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ।
মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ নতুন করারোপ ছাড়াই মাধবপুর পৌরসভার ২০০১৩-১৪ অর্থ বছরের ৩০ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৬শ’ ২৮টাকা ৫০পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিরাব উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা এ বাজেট ঘোষণা করেন। পৌর এলাকার অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এই খাতে ২৮ কোটি ২৭ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিরামপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ নবাবগঞ্জ উপজেলার সাঁওতাল আদিবাসীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করেছে। নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিকের পৃষ্ঠপোষকতায় সকাল থেকে প্রত্যন্ত এলাকার আদিবাসীরা নেচে-গেয়ে, ঢোল-করতাল বাজিয়ে উপজেলা সদরকে মুখরিত করে তোলে। আদিবাসী নেতা মাইকেল মুর্মুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক।
সুনামগঞ্জে শিশু আনন্দ মেলা শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জে ২ দিনব্যাপী শুরু হয়েছে শিশু আনন্দ মেলা। জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে রবিবার স্থানীয় শহিদ আবুল হোসেন মিলনায়তনে শিশু আনন্দ মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
রায়পুরে ছাত্র-যুব ঐক্য পরিষদের সম্মেলন
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র-যুব ঐক্য পরিষদের রায়পুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী রাধার মদন মোহন জিউ মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে তুষার রায় সভাপতি, সুদেব কুরি সাধারণ সম্পাদক ও রুপম সাহা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইসলামপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে মেধাবী কৃতী শিক্ষার্থী ২০১৩ এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে “মেধাবীরাই গড়বে দেশ, রুখবে দুর্নীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার স্থা্নীয় পাবলিক হল মিলনায়তনে ভেঙ্গুরা স্বপ্নচূঁড়া জনকল্যাণ ও সাহিত্য সমাজ সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে উন্নয়নমূলক ও শিক্ষার্থীর আগামী ভবিষ্যত্ সাফল্যের লক্ষ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি জামালপুর-২, ইসলামপুর ১৩৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
রামগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন ছাত্র-ছাত্রীকে শনিবার রামগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দোহাজারীতে ইউসিবিএল’র বর্ষপূর্তি
দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩০তম বর্ষপূর্তি পালিত হয়। গতকাল শনিবার ইউসিবিএল কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু ও ব্যাংকের প্রধান এবিপি মোস্তাক আহামদসহ অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন আমানত উল্লাহ, পিযুষ কান্তি সিংহ হাজারী, মাহাফুজুর রহমান, আলমগীর আহামদ, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম এ রাজ্জাক রাজ।
চাঁপাইনবাবগঞ্জে পোষক গাছের চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ লাক্ষা চাষ আবারো দেশের বিভিন্ন স্থানে সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ত্ব বিভাগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসাবে শনিবার চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে লাক্ষা গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে চাষিদের মাঝে লাক্ষা বীজ ও পোষক গাছের চারা বিতরণ করা হয়।
গোপালগঞ্জে বৃক্ষমেলা শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি \ বৃক্ষমেলা উপলক্ষে শনিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে গোপালগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ ‘মানবিক শিক্ষায় বিকশিত হও’ এই স্লে¬াগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে ‘ডাঃ মমিনুর রহমান ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা সদরে রংপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এ্যাডঃ রেজিনা রাজ্জাক ফাউন্ডেশন উদ্বোধন করেন।
উলিপুর পৌরসভার বাজেট ঘোষণা
উলিপুর (কুড়িগ্রাম)সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার পৌর হলরুমে মেয়র আব্দুল হামিদ সরকার ২৫ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ১শ’ ২৮ টাকার বাজেট ঘোষণা করেন। এ বাজেটে রাজস্ব তহবিল ৪ কোটি ২৭ লাখ ৩ হাজার, সরকার ও অন্যান্য দাতা সংস্থা থেকে উন্নয়ন তহবিল ২১ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। রবিবার জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় জেলা আদিবাসী পরিষদের সভাপতি বাবুল তিগ্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড.ইমরান চৌধুরী, উদীচীর জেলা সাধারণ সম্পাদক রেজু, ইএসডিও’র কর্মী শাহিন প্রমুখ।
পীরগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা ইএসডিও’র উদ্যোগে রবিবার আমার জমি আমার থাক ভূমি দস্যু নিপাত যাক এ স্লোগানকে প্রতিপাদ্য করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে পীরগঞ্জ উপজেলা নৃ-তাত্ত্বিক ও দলিত জনগোষ্ঠি উন্নয়ন ফোরাম এর সভাপতি মাইকেল হাঁসদা সভাপতিত্ব করেন।
চাটখিলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ রবিবার নোয়াখালীর চাটখিলে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল শিক্ষার্থীদের মাঝে মরহুম মুক্তিযোদ্ধা মোঃ হোসেন ও সিদ্দিক উল্যাহ্ মাষ্টার স্মৃতি বৃত্তি প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। আবদুল ওয়াব ডিগ্রী কলেজ ও খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সভা কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বৃত্তি প্রদান করেন, নোয়াখালী জেলার জেলা প্রশাসক সিরাজুল ইসলাম।
চৌমুহনী পৌরসভার বাজেট ঘোষণা
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ রবিবার চৌমুহনী পৌরহলে এক জনাকীর্ণ পরিবেশে পৌর মেয়র মামুনুর রশীদ কিরণ চৌমুহনী পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের ৫৪ কোটি ৩৭ লক্ষ ৪৪ হাজার ৪১ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণাকালে নোয়াখালী জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ্ মোহাম্মদ বেল্লাল খান, জেলা পরিষদ প্রশাসক ডাঃ এ বি এম জাফর উল্যা, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যা, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
দর্শনা পৌরসভার বাজেট ঘোষণা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা ) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। দর্শনা পৌরসভার মেয়র মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে রবিবার পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুস শহীদ, পৌরসভার প্যানেল মেয়র শরীফ উদ্দীন।
গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থ বত্সরের ১৫ কোটি ৭ লক্ষ ২৮ হাজার ৯৯০ টাকা ৪১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে রবিবার বাজেট ঘোষণা করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ কোটি ৩২ লক্ষ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন আয়ের লক্ষ্যমাত্রা ১২ কোটি ১৩ লক্ষ ৭৮ হাজার ৩৩৯ টাকা ধরা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে পৌরসভার কাউন্সিলরগণ, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
