অপহরণের পর ধর্ষণের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম গতকাল রবিবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামির সবাই পলাতক। এরা হলেন-রশিদ আহমেদ, মো. নাসির, নূরুল আবসার, কবির আহমেদ ও মো. কেনু। তারা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের বাসিন্দা। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ ‘সন্দেহাতীতভাবে’ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার নথি থেকে জানা যয়, ১৯৯৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে আসামিরা তাদের প্রতিবেশী এক কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করে দূরের এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ১২ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন।
