রাজশাহীর বাঘা থানার পুলিশ কনস্টেবল সেলিম হত্যা মামলায় এক আসামির ফাঁসি এবং অপর দুই আসামির ৩ বছর করে কারাদণ্ড ও প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক একেএম শহিদুল ইসলাম রবিবার বিকালে এ রায় ঘোষণা করেন। ফাঁসির আসামি নাজমুল এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামি মামুন ও ফরিদের বাড়ি বাঘা উপজেলার ছয়ঘাঁটি গ্রামে।
জানা গেছে, ডাকাতি মামলার আসামি নাজমুলকে ধরতে বাঘা থানা পুলিশের একটি দল ২০০১ সালের ২২ জুন উপজেলার বড় ছয়ঘাঁটি গ্রামে গেলে আসামি নাজমুল ও তার সহযোগী মামুন ও ফরিদ পুলিশ কনস্টেবল সেলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত সেলিমকে বাঘা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তিনি মারা যান। এ ঘটনায় ওই দিনই পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) ফরিদুল ইসলাম আসামিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
