বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বৃক্ষরোপণ অভিযান-২০১৩ ‘সবুজ সীমান্ত’ কর্মসূচি গতকাল রবিবার পিলখানায় বিজিবি’র সদর দফতরে উদ্বোধন হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ একটি গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন। বিজিবি সদর দপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ বছর বিজিবির সকল স্থাপনা এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহে ব্যাপকহারে ফলদ, ভেষজ ও বনজ গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহীত পরিকল্পনা অনুযায়ী ঢাকার পিলখানাসহ বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ব্যাটালিয়ন এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহের খালি জায়গায় ৫০ থেকে ১০০টি করে গাছ লাগানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত বিজিবির বৃক্ষরোপণ অভিযান চলবে।
