মানুষ স্বার্থ উদ্ধার করতে গিয়ে টাকাসহ বিভিন্ন জিনিসপত্র কর্তা ব্যক্তিদের ঘুষ দেয়। আর যারা ঘুষ নেয় তাদেরও পছন্দ টাকা কিংবা মূল্যবান জিনিসপত্র। কিন্তু এখন এই তালিকায় নাম আসলো ডিমের তৈরি রোলের। আর এই হাস্যকর ঘটনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন অফিসের এক কর্মকর্তা। খবর দ্য লস অ্যাঞ্জেলস টাইমসের।
ক্যালিফোর্নিয়ার সান্তা অ্যানার অভিবাসন অফিসের কর্মকর্তা মাই নু নুয়েনকে গত ৬ জুন গ্রেফতার করা হয় নাগরিকত্বের জন্য আবেদন করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেয়ার জন্য। এক আবেদনকারীর কাছ থেকে নুয়েন (৪৭) ঘুষ হিসেবে দুইশ’ ডিম রোল এবং অপর দুইজনের কাছ থেকে যথাক্রমে এক হাজার ডলার ও দুই হাজার ডলার করে নেন। ২০১১ সাল থেকে তিনি এই ঘুষ নেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসিকিউটর জানান, নুয়েন দুই বছর ধরে এই অফিসে কাজ করছেন এবং নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে তার ক্ষমতা রয়েছে। পরে ২০ হাজার ডলার মুচলেকা দেয়ার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়। আজ পহেলা জুলাই তাকে আদালতে হাজির হতে হবে। প্রত্যেকবার ঘুষ নেয়ার জন্য তার ১৫ বছর করে জেল হতে পারে।
