চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ‘পাপেলা সু’ কারখানায় অগ্নিকাণ্ডে কয়েকশ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন দ্বিতলবিশিষ্ট কারখানার মেশিন, জুতা তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও বিপুল পরিমাণ তৈরি জুতা পুড়ে যায়। আগুনের কারণে কারখানা ভবনের বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৩-২০ মিনিটে আগুনের উত্পত্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নৌ এবং বিমানবাহিনীর সদস্যরা যোগ দেন। সৃষ্ট আগুন গতকাল রবিবার দুপুর ১২টায় নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের উত্পত্তি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিইপিজেডের মহাব্যবস্থাপক এসএম আবদুর রশিদ ইত্তেফাককে বলেন, “রাতে কারখানার ভিতর ধোঁয়া দেখতে পায় নিরাপত্তাকর্মীরা। আগুনের উত্পত্তি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার সময় প্রত্যক্ষদর্শী একজনকে খোঁজা হচ্ছে। বেপজার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।”
কারখানা সূত্র জানায়, আগুনে নতুন ও পুরাতন সকল মেশিন পুড়ে গেছে। রপ্তানির জন্য কারখানার লক্ষাধিক পিস জুতা মজুদ ছিল। গতকাল রবিবার এসব জুতা শিপমেন্টের কথা ছিল। নিচতলায় গুদামে বিপুল পরিমাণ কাঁচামাল, কেমিক্যাল মজুদ ছিল। সবকিছু আগুনে পুড়ে গেছে। কারখানার জিএম তৌহিদুল ইসলাম জানান, স্টোররুম থেকে আগুনের সৃষ্টি হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে কারখানার দেয়াল ছাড়া সবকিছু পুড়ে গেছে। আগুন লাগার সময় কাটিং শাখায় ২০ থেকে ২৫ জন লোক কর্মরত ছিল। তবে কেউ হতাহত হয়নি। কয়েক মাস আগে একই মালিকের অপর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
