আশুলিয়ায় পানি খেয়ে ২শ’ গার্মেন্টস শ্রমিক অসুস্থ

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৪
আশুলিয়া শিল্পাঞ্চলে দূষিত পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রবিবার আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লি. নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ অসুস্থ শ্রমিকদের বিভিন্ন চিকিত্সা কেন্দ্রে পাঠায়। শ্রমিকরা জানায়, সকালে কাজে এসে কারখানার পানি পান করে অসুস্থ হয়ে পড়ে শ্রমিকরা। পেটের পীড়াসহ মাথাব্যথা অনুভব করে তারা। এক পর্যায়ে বমি করতে থাকে। একে একে কারখানার অধিকাংশ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা বিক্ষোভ করার চেষ্টা করলে শিল্প পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং নাইটিংগেল হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানি বিশুদ্ধ ছিল না। নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিত্সক সুরজিত্ সাহা জানান, পানি পান করে শ্রমিকরা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, রোজ গার্মেন্টসের শতাধিক শ্রমিককে অসুস্থ অবস্থায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে কর্তৃপক্ষের দেয়া টিফিন খেয়ে দি রোজ ড্রেসেস-এর শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছিল।