দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে তার পূর্বপুরুষের গ্রাম কুনুতে সমাহিত করার নির্দেশ দিয়েছে আদালত। তবে তার নাতনী ম্যান্ডলা আদালতের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন বলে জানিয়েছেন। এদিকে ম্যান্ডেলার অবস্থা এখনো সংকটজনক। তার স্বাস্থ্যের অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। তার সুস্থতা কামনা করে বিরোধী দলও প্রার্থনা করেছে। খবর দ্য স্টার ও টাইমস লাইভের। ম্যান্ডেলার সমাধিস্থল নিয়ে পরিবারের সদস্যরা বিরোধে জড়িয়ে পড়েছেন। গত শুক্রবার ম্যান্ডেলার পরিবারের ১৬ জন সদস্য ইস্টার্ন কেপের এমথাথা হাইকোর্টে আবেদন জানান যাতে ম্যান্ডেলাকে তার পূর্ব পুরুষের গ্রাম ইস্টার্ন কেপ অঞ্চলের কুনু গ্রামে সমাহিত করা হয়। এ বিষয়ে আইনজীবী ওয়েসলি হেস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তার নাতনী ম্যান্ডলা ম্যান্ডেলাকে এমভেজো গ্রামে সমাহিত করার পক্ষে। আদালত পরিবারের ১৬ জন সদস্যের আবেদনের পক্ষে রায় দেয়। কিন্তু ম্যান্ডলা এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। ম্যান্ডেলা প্রায় ২৯ বছর আগে কুনুতে সমাহিত করার ইচ্ছা পোষণ করেছিলেন বলে দেশটির গণমাধ্যমে খবর বেরিয়েছে। সমাধিফলক যেন অনাড়ম্বর হয় সেই ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন তিনি।
প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন ম্যান্ডেলা। হাসপাতালের বাইরে অবস্থান করা সবাই ম্যান্ডেলার স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সারা রাত হাসপাতালের বাইরে এবং ম্যান্ডেলার সোয়েতোর বাড়ির সামনে প্রার্থনা করেছেন। কর্মকর্তারা বলছেন, ম্যান্ডেলার অবস্থা অপরিবর্তিত। মারাত্মক ফুসফুস সংক্রমণের কারণে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে আছেন ম্যান্ডেলা। গত ছয় মাসে ম্যান্ডেলা এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। এ কারণে দেশটির অধিবাসীরা মনে করতে শুরু করেছেন, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না। বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা।
