চাকরি স্থায়ী করার দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। রংপুর মহানগরীর পার্কের মোড় মুক্তিযোদ্ধা চত্বরে গতকাল রবিবার অনুষ্ঠিত মহাসমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ক্যাম্পাসে মানববন্ধন করে আন্দোলনকারীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও সংগঠনের মুখপাত্র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে রংপুরের সচেতন নাগরিকবৃন্দ একাত্মতা প্রকাশ করে চাকরি স্থায়ী করার জোর দাবি জানান।
