পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা গ্রুপ) পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুপন চাকমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গত শনিবার রাত সোয়া আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে সুপন চাকমা তার মোটরসাইকেল রেখে মূল ফটকে আসা মাত্রই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে জেলার গুইমারা থানার বাইল্যাছড়ি এলাকা থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা মো. আলী হায়দার (২০) নামে বাঙালি ছাত্র পরিষদের এক কর্মীকে গত শনিবার বিকালে অপহরণ করেছে।
