রাজধানীতে মাথা থেঁতলে ব্যবসায়ীকে তিন তলা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৭
রাজধানীর পুরান ঢাকায় দেলোয়ার হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর মাথা থেঁতলে তিনতলা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সোয়া ১০টার দিকে রহমতগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। চিকিত্সকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার রাতে রহমতগঞ্জের ইদার গলিতে কে বা কারা দেলোয়ারকে মাথা থেঁতলে নির্মাণাধীন একটি তিনতলা ভবন থেকে রাস্তায় ফেলে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আয়নাল, আনোয়ার সর্দার, রহমান, নূরুল ইসলামসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে তারা পালিয়ে যান। দেলোয়ার লালবাগের প্যাকেজিং ব্যবসায়ী। তার দুই ছেলে ও এক মেয়ে। তার বাবার নাম আবদুস সাত্তার। আহত দেলোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে হাসপাতালে এসে ভাইয়ের খোঁজ পান। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে এলিফ্যান্ট রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কে বা কারা কি কারণে তার ভাইকে হত্যার চেষ্টা করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। চকবাজার থানার এসআই অনাথ মিত্র জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আহত দেলোয়ারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।