আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া প্রকাশ্যে শ্রমিক-জনতার স্বার্থবিরোধী কাজ করছেন। জিএসপি সুবিধা বন্ধ করে দেয়ার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়াশিংটন টাইমস’ নামক একটি পত্রিকা নিবন্ধ লিখেছিলেন। কোন দেশপ্রেমিক নেতা দেশের বিরুদ্ধে এমন অবস্থান নিতে পারেন না। এদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি গাজীপুরবাসীর উদ্দেশে বলেন, উন্নয়ন চাইলে আজমত উল্লাহ খানকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।
গতকাল রবিবার বিকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত ধর্মকে ব্যবহার করে মিথ্যাচারের মাধ্যমে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তবে মনে রাখতে হবে গাজীপুরের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার সরকারই করেছে। তিনি ১৪ দল সমির্থত প্রার্থীর যোগ্যতা তুলে ধরে বলেন, আজমত উল্লাহ খান একজন সত্ ব্যক্তি। তার বিরুদ্ধে ন্যূনতম কোন অভিযোগ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের এই শক্তিকে ভোট দিলে জনগণ উপকৃত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দি, আমিনুল ইসলাম আমিন, আসলামুল হক আসলাম এমপি প্রমুখ।
