শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার মাইক বন্ধ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল রবিবার জাতীয় সংসদে বাজেটের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় এ ঘটনা ঘটে। আইন ও বিচার বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাব উত্থাপনের সময় পাপিয়া বলেন, পাকিস্তানের অনুগত কর্মচারী জাহানারা ইমামকে দিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছিল। তিনি আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন। এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। স্পিকার মাইক বন্ধ করে মূল বিষয়ের উপর আলোচনা করার আহ্বান জানান পাপিয়াকে। পরে পাপিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের সমালোচনা শুরু করলে দ্বিতীয় দফা মাইক বন্ধ করে স্পিকার বলেন, আপনি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করুন, প্রাসঙ্গিক কথা বলুন।
