সংবাদপত্রসেবীদের ৮ম মজুরি রোয়েদাদ রিপোর্ট তথ্যমন্ত্রীকে হস্তান্তর

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৮
সাংবাদিক, সংবাদপত্র ও প্রেস কর্মচারীদের জন্য ৮ম মজুরি (ওয়েজ বোর্ড) রোয়েদাদ পেশ করা হয়েছে। ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক গতকাল রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে এই রোয়েদাদের প্রতিবেদন পেশ করেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদে সাংবাদিক, সংবাদপত্র ও প্রেস কর্মচারীদের ৭ম ওয়েজ বোর্ডের মূল বেতনের শতকরা ৭০ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অন্যান্য ভাতা ও সুবিধাও সমহারে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদে সংবাদপত্রের প্রচার সংখ্যা ও সর্বমোট আয়ের ভিত্তিতে সংবাদপত্রসমূহকে ৫টি শ্রেণীতে বিভক্ত করেছে। ভারপ্রাপ্ত তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য অফিসার আমিনুল ইসলাম, যুগ্ম-সচিব মোহা. আবুল হোসেন, যুগ্ম-সচিব মো. মতিউর রহমান খান, উপ-সচিব জি এম নাজমুল হোসেন খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। গেজেট প্রকাশের তারিখ থেকে ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়িত হবে বলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। গত বছর ১৮ জুন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য ৮ম ওয়েজ বোর্ড গঠন করে সরকার। ১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির প্রধান করা হয় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে। তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমুল হোসেন খানকে ৮ম ওয়েজ বোর্ডের সচিবের দায়িত্ব দিয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।