সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:০৯
প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিবৃতিতে তিনি বলেন, এ দেশে অতীতে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি। এই তিক্ত অভিজ্ঞতা থেকে দেশের জনগণ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করেছিল। সেই আন্দোলনে বর্তমান প্রধানমন্ত্রীও শামিল ছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলেও কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। সেই নির্বাচনে প্রায় ৭৩ জন লোক নিহত হয়েছে। ১৫ জুন অনুষ্ঠিত ৪টি সিটি করপোরেশনের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতো তাহলে আওয়ামী মহাজোটের সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো। রফিকুল ইসলাম খান বলেন, তিনি ‘পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতই দেশে নির্বাচন হবে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তা হাস্যকর।