খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম গতকাল রবিবার টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এসময় যাত্রীবাহী বাসে গুলি ও ট্রাকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। শহরের দক্ষিণ খবংপুড়িয়া ও বাঙ্গালকাটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ২৫ রাউন্ড টিয়ার সেল ও ৯৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। এসময় পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। বুলেটবিদ্ধ চঞ্চলা চাকমাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পিকেটাররা ভোরে খাগড়াছড়ি-জালিয়াপাড়া সড়কের সাপমারা এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে ফেলে। খবর পেয়ে সেখানে সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারের গাড়ি পৌঁছলে পিকেটাররা তা ভাঙচুর করে।
১১ মাইল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি চালায় পিকেটাররা। এতে বাসের জানালার কাঁচ ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
জেলার মানিকছড়ির হাতিমুড়া এলাকায় গম বোঝাই একটি ট্রাকে পিকেটাররা আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে কোন যানবাহন চলাচল করেনি। নাশকতার আশঙ্কায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে অবৈধ ভূমি দখল প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের মেহ্লাপ্রু কার্বারি পাড়ার ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এই সড়ক অবরোধের ডাক দেয়।
