বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে তিনজন সাক্ষীর নামে সমন (তলবনামা) জারি করা হয়েছে। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সম্প্রতি এ আদেশ দেন। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক প্রধান বিচারপতি মাঈনুর রেজা চৌধুরীর ভাই এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী ও নিজাম আহমেদের নামে এ সমন জারি করা হয়। তবে অপর সাফাই সাক্ষী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইনের নামে সমন জারি করা হয়নি। ট্রাইব্যুনালের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, শামীম হাসনাইন হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সম্মতি ছাড়া তার নামে কোন তলবনামা জারি করা হবে না।
প্রসঙ্গত গত ২৭ জুন সালাহউদ্দিন কাদেরের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে চারজন সাক্ষীর নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেন আইনজীবীরা। ওইদিনই সাক্ষীদের নামে সমন জারি করেছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। গতকাল তিনি ইত্তেফাককে বলেন, সাক্ষীদের নামে সমন জারির আদেশ রবিবার পাই। এই সমন জারির বিষয়টি সাক্ষীদের জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে ১১শ ৫৩ জনের নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ১৩ জুন ট্রাইব্যুনাল এ তালিকার মধ্য থেকে মাত্র ৫ জনকে সাক্ষ্য দেয়ার জন্য নির্ধারণ করে দেয়। এই ৫ জনের মধ্যে সালাহউদ্দিন কাদের নিজেই নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন।
