সাভারের রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল গার্মেন্টস কর্মী রেশমা বেগমকে। তাকে উদ্ধারের ঘটনায় সারা বিশ্বের লাখ লাখ মানুষ উত্ফুল্ল হয়েছিল। এখন রেশমার এক সহকর্মীর তথ্য দিয়ে বিটেনের ডেইলি মিরর বলছে, রেশমা উদ্ধারের ঘটনা ধোকাবাজি। আমার দেশের সাংবাদিকদের নিয়ে ডেইলি মিররের সাংবাদিক বাংলাদেশে এসে বিষয়টি তদন্ত করেন। এসময় তাদের কাছে রেশমার এক পুরুষ সহকর্মী জানায়, তারা একই ফ্লোরে কাজ করতো। ভবন ধসের দিন তার সঙ্গে রেশমা হেঁটে বের হয়ে এসেছিল। তারা এনাম হাসপাতালে দুই দিন ছিল। এরপর রেশমা অদৃশ্য হয়ে যায়। ১৭ দির পর রেশমাকে টিভিতে দেখল। উদ্ধারকর্মীরা বলল, এটি অলৌকিক ঘটনা। আসলে এটি ভুয়া।
মিররের প্রতিবেদনে বলা হয়, রেশমাকে উদ্ধারের আগে যারা রাস্তায় রাস্তায় ঘুরছিল তাদের রহস্যজনকভাবে সরিয়ে দেয়া হয়। পরের দিন তাদের আসার সুযোগ দেয়া হয়। কিন্তু এর ব্যাখ্যা দেয়া হয়নি। একই সময় উদ্ধার অভিযানের দৃশ্য ক্যামেরায় ধারনের জন্য ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাংবাদিক শিশির আবদুল্লাহ বলেন, রেশমার ১৭ দিন ধংসস্তূপে থাকার কোন চিহ্ন দেখা যায়নি।
