সিলেটে ব্যবসায়ী অপহরণ

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১১
সিলেটের প্রধান ব্যবসা কেন্দ্র কালিঘাটের ব্যবসায়ী কবির হোসেনকে (২৫) শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অপহরণ করে ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ আদায় করে নিয়েছে দুর্বৃত্তরা। পরে গতকাল রবিবার সকালে তাকে অজ্ঞান অবস্থায় টিলাগড় থেকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই অপহরণের ঘটনায় নগরীর ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। অপহূতের বড় ভাই সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন জানান, তার ভাই নগরীর কালিঘাট এলাকার ডালের সাপ্লায়ার। শনিবার রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা পাওনা টাকা দেয়ার কথা বলে তার ভাইকে মোবাইল ফোনে নগরীর টিলাগড় এলাকায় নিয়ে যায়। সেখান থেকে ১০-১২ জন যুবক তাকে অপহরণ করে টিলাগড় শাপলাবাগের একটি অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করতে থাকে। দুর্বৃত্তরা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা ভয়ে রাতেই বিকাশ সার্ভিসের মাধ্যমে তাদের মোট ৬ লাখ টাকা প্রদান করেন। দুর্বৃত্তরা তার সহোদরের সাথে খসরু নামের জনৈক বন্ধুকেও অপহরণ করে তিনি জানান। তারা তাদের ব্যবহূত একটি মোটর সাইকেলও রেখে দিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন গতকাল দুপুরে ইত্তেফাককে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।