বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান বর্জন করবে সাদা দল

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনির্বাচিতভাবে দায়িত্ব পালন, ৭৩’র আদেশ লঙ্ঘনের অভিযোগ এনে আজ সোমবার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা। গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন এ ঘোষণা দেন। সাদা দলের শিক্ষকরা ভিসির বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করা, ৩০ জুনের মধ্যে সিনেট অধিবেশন আহ্বান না করে ১৯৭৩’র আদেশ লঙ্ঘনসহ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নস্যাত্ এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় অগণতান্ত্রিক আচরণেরও অভিযোগ আনেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আফম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক মো. আবদুর রশিদ, অধ্যাপক লায়লা নূর, অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক ওবায়দুল ইসলাম, মোহম্মদ ছিদ্দিকুর রহমান প্রমুখ।