শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আজীবন

আপডেট : ৩০ জুন ২০১৩, ২৩:১২
বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদের মেয়াদ ৫ বছরের পরিবর্তে চাকরির বয়স থাকা পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। গতকাল রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকার বেসরকারি শিক্ষক নিয়োগে পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ ?সংশোধন করে নিবন্ধন সনদের পাঁচ বছরের মেয়াদ বিলুপ্ত করেছে। এনটিআরসিএ কর্তৃপক্ষ এর আগে যাদের প্রত্যয়নপত্র দিয়েছে, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে। গত ১৩ জুন এ বিষয়ে প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে বলে মন্ত্রী জানান। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মান বজায় রাখতে ২০০৫ সাল থেকে পরীক্ষার মাধ্যমে এ নিবন্ধন সনদ দেয়া হয়। এ সনদের মেয়াদ ছিল পাঁচ বছর। গত বছর পর্যন্ত মোট আটটি পরীক্ষায় যারাই এ সনদ পেয়েছেন তাদের সবার ক্ষেত্রেই সনদের মেয়াদ আজীবন হবে। সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সব বিশ্ববিদ্যালয়ে ‘অভিযোগ কমিটি’ গঠন করতে বলা হয়েছে। সে অনুযায়ী ২৪টি পাবলিক ও ৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা করেছে।