মানুষের জীবনের আর দশটা স্বাভাবিক আর প্রয়োজনীয কাজের মতো ঘুমও একটি। এ প্রেক্ষাপটে কেউ যেমন বিলাসবহুল অট্টালিকার শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কক্ষে ঘুমানোর সুযোগ পান তেমনি ভাগ্যাহত কাউকে হয়তো প্রিয় ঘুমটাই ঘুমিয়ে নিতে হয় রাস্তার পাশের কোনো রাস্তায়। তবে তাই বলে যেখানে সেখানে ঘুমানোটা যে কখনো কখনো কারও জন্য কত ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে তা এখন হাড়ে হাড়েই টের পাচ্ছেন অস্ট্রেলিয়ার উত্তর ভিক্টোরিয়ায় অবস্থিত শেপারটন শহরের এক ব্যক্তি। রাস্তার পাশে থাকা ময়লার ডাস্টবিনে ঘুমিয়ে পড়ার পর অন্য আবর্জনার সাথে তাকে ট্রাকে তুলে নেওয়ার সময় মারত্মকভাবে আহত হন এই ব্যক্তি। পরে কাঁধ ও বুকের পাজরে আঘাতের কারণে তাকে স্থানীয় একটি হাসপাতালে অপারেশনও করতে হয়। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আহত ঐ ব্যক্তি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটা সময় নেবেন বলেই ধারণা করছেন চিকিত্সকেরা। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের নিয়ম অনুযায়ীই শেপারটনের ঐ ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহের জন্য নগর প্রশাসনের ট্রাক ড্রাইভার সেখানে এসেছিলেন। নিয়ম মেনে ময়লার ট্রাক থেকে স্বয়ংক্রিয় লোডারের সাহায্যে ট্রাকে ময়লা ওঠানোর কাজটিও স্বাভাবিক নিয়মেই সম্পন্ন করেন তিনি। কিন্তু আবর্জনা সংগ্রহের পর ট্রাকটি নিয়ে কিছুদূর এগোনোর পরই পেছন থেকে একজন মানুষের আর্তনাদ শুনতে পান তিনি। আর এর ঠিক পর পরই ট্রাকের আবর্জনার মাঝ থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করেন ময়লার ট্রাক চালানোর দায়িত্বে থাকা ঐ ব্যক্তি। পুলিশের ধারণা, ডাস্টবিনে ফেলে দেওয়া পুরোনো কিছু কার্ডবোর্ডের ওপর ঘুমিয়ে থাকা আরামদায়ক হবে ভেবেই হয়তো আহত ঐ ভবঘুরে ব্যক্তি ঘুমানোর জায়গা হিসেবে এই স্থানটিকে বেছে নিয়েছিলেন।
