রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে খোকন দাসের রবীন্দ্রসংগীত

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২০:২৭
চলতি মাসের ৯ জুন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে চ্যানেল আইতে গাইবেন তরুণ রবীন্দ্রসংগীতশিল্পী খোকন দাস। উল্লেখ্য, খোকন দাস শিল্পী বন্যার নিজস্ব সংগঠন সুরের ধারার শিল্পী হিসেবে পারফর্ম করছেন বেশ কিছু বছর। এ ছাড়া এ বছর বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। নিজের গানের পারফর্মেন্স প্রসঙ্গে শিল্পী খোকন দাস বলেন, ‘আমি সাধারণত পূজা ও প্রেম পর্যায়ের গানই পারফর্ম করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বন্যাদি আমার গুরু। সেই হিসেবে তার সাথে পারফর্ম করাটাও অনেক বড় ব্যাপর। তবে চ্যানেল আইতেই এর আগে বেশ কটি অনুষ্ঠানে আমি পারফর্ম করেছি তার সাথে। এ ছাড়া গান্ধর্বলোক অর্কেস্ট্রার সাথে বন্যাদির যে দুটি বড় আয়োজনের শো হয়েছে সেখানেও পারফর্ম করেছি। সবচেয়ে বড় ব্যাপার হলো তার মতো এত বড় মাপের শিল্পীর সাথে পারফর্ম বা সংগত করলেও অনেক কিছু শেখা যায়।’ উল্লেখ্য, চ্যানেল আইতে প্রতিদিনের সরাসরি গানের আয়োজন ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে আগামী ৯ জুন রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে খোকন দাসের অনুষ্ঠান রয়েছে। এ ছাড়াও গানের রেকর্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘সুরের ধারার আয়োজনে দুটি গানের রেকর্ড বেরিয়েছে। মূলত রবীন্দ্রগানের প্রতি আমার অনুরাগ আর নেশা থেকেই গান করি। তবুও নিজের গানের রেকর্ড হিসেবে এ বছর কিছু কাজের ইচ্ছে আছে।’