অভিনয়ে সুমন মাহমুদ

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২০:২৯
আরটিভির অনুষ্ঠান প্রযোজক হিসেবে নিয়মিত কাজের পাশাপাশি অভিনয়ে নিজের ক্যারিয়ার গড়ার প্রচেষ্টায় ধারাবাহিক নাটক ‘শনির আখড়া’য় অভিনয় করলেন প্রযোজক ও নির্মাতা সুমন মাহমুদ। সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর পাভেল হত্যাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে এবারে শনির আখড়া’র কাহিনী। নাটকে পাভেল চরিত্রে অভিনয় করেছেন সুমন মাহমুদ। নাটকে দেখা যাবে, ১৮ লাখ টাকার জন্য কাছের বন্ধু জাহাঙ্গীর কর্তৃক নির্মমভাবে খুন হন পাভেল। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন আরও দু’জন ব্যক্তি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ নাটকে অভিনয় প্রসঙ্গে সুমন মাহমুদ বলেন, ‘কৃতজ্ঞতা জানাই ডি এ তায়েবের প্রতি। আসলে তার জন্যই আমার এই পথে হাঁটা। কতটুকু অভিনয় ভালো করতে পেরেছি এটা দর্শকই বলতে পারবে। আমি আমার সাধ্যানুযায়ী করার চেষ্টা করেছি।’ ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ডিএ তায়েব। নাটকে আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, খালেদা আক্তার কল্পনা, আজিজুল হাকিম, দিতি, রুনা খান, তাজিন আহমেদ সোহেল খান প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হচ্ছে সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার।