কুমিল্লায় হেরোইন পাচার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গত রবিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক চমন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, র্যাব-২ এর একটি দল গত ২০০৫ সালের ২০ নভেম্বর গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হোটেল নূরজাহানে ক্রেতা সেজে ৫০ লাখ টাকা মূল্যের ৫শ’ গ্রাম হেরোইনসহ ৩ জন হেরোইন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হচ্ছে- জাহিদ মাহমুদ হাওলাদার ওরফে গুড্ডু, বাবুল খান ওরফে বাবু (২৬) ও জসিম উদ্দিন।
এ ঘটনায় র্যাব বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে গত ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করে। গত রবিবার ওই তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদানসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জাহিদ মাহমুদ হাওলাদার ওরফে গুড্ডু ও জসিম উদ্দিন পলাতক রয়েছে।
