ভূঞাপুরে বিএনপি নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২১:৪১
ভূঞাপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো.ইয়সিন আলীকে (৪৫) ঘরে ঢুকে কুপিয়েছে মুখোশধারী একদল সন্ত্রাসী। উপজেলার রুহুলী গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো.ইয়সিন আলী রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত আড়াইটার দিকে মুখোশধারী একদল সন্ত্রাসী তার নাম ধরে ডাকতে থাকে। এসময় ইয়াসিন দরজা খুলে দিলে সন্ত্রাসীরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। স্ত্রী লাভলী বেগম এ ঘটনা দেখে চিত্কার দিলে সন্ত্রাসীরা তাকেও কোপাতে থাকে। চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। লোকজন ঘরে ঢুকে স্বামী-স্ত্রী দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। স্ত্রী লাভলী বেগমের জ্ঞান ফিরলেও অচেতন রয়েছেন স্বামী মো.ইয়সিন আলী। এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো.রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এব্যাপারে কিছু জানতে পারিনি।