নাঙ্গলকোটে ভেজাল-বিরোধী অভিযান
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোটে ভেজাল-বিরোধী অভিযান চালিয়ে চা দোকান, বেকারী ও স্টেশনারী ৬টি দোকানে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ রবিবার নাঙ্গলকোট পৌরবাজারে এ অভিযান পরিচালনা করেন।
নওগাঁয় ভোকেশনাল শিক্ষার মান উন্নয়নে সভা
নওগাঁ প্রতিনিধি \ রবিবার নওগাঁ ডায়নামিক পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে ভোকেশনাল শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনর রশিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নূর-এ-ইলাহী।
সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে সভাপতি পদে নাসিম ফারুক খান মিঠু সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন ও কনিষ্ঠ সহ-সভাপতি তাহমিদ শাহেদ চয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:এনজিও হীড বাংলাদেশর মাঠকর্মী রশিদুল ইসলাম গতকাল সোমবার বাইসাইকেলযোগে ঋণ আদায়ে যাওয়ার পথে বিরামপুর মহাসড়কের টাটকপুরে পীরগঞ্জগামী রোজিনা এন্টারপ্রাইজের একটি কোচ তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বাড়ি দিনাজপুর সদরের রানীপুর গ্রামে।
ইসলামপুরে টেকনিক্যাল কলেজের ক্লাস উদ্বোধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা:ইসলামপুরে সোমবার টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ক্লাস উদ্বোধন করা হয়েছে। সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় ডেবরাইপেচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ক্লাস উদ্বোধন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপত্বিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারুল কবির।
জীবননগর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
জীবননগর সংবাদদাতা:গতকাল সোমবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার শওকত আলীর নেতৃত্ব বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে হরিহরনগর সীমান্ত মাঠে অভিযান চালিয়ে ৩০৮ বোতল ইয়েস ব্র্যান্ডের ভারতীয় মদ ও ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
জীবননগরে পোর্টাল বিষয়ক রিফ্রেসার্স কোর্স
জীবননগর সংবাদদাতা:গতকাল সোমবার জীবননগর উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট ফর ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পোর্টাল বিষয়ক ২ দিনের রিফ্রেসার্স কোর্স ও ইউজার সিকিউরিটি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাজেদুর রহমান।
ফুলবাড়ীয়ায় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা:সোমবার ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানিমূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা পরিষদের ফুল্লরা শপিং সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রায়পুর মহিলা কলেজে নবীনবরণ
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা:সোমবার রায়পুর মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান হয়। কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর।
নওগাঁয় ডিপিইএড’র উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় পিটিআই’র হল রুমে ২০১৩-১৪ শিক্ষা বর্ষের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পিটিআই’র সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার।
পিরোজপুরে বৃক্ষমেলা শুরু
পিরোজপুর অফিস:সোমবার থেকে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান সপ্তাহ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইসমাইল। বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মানিক রহমান প্রমুখ।
বানারীপাড়ায় নরসুন্দরের রহস্যজনক মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় আনন্দ শীল নামের এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার পৌর শহরের সোহাগ সিনেমা হল রোডের ভাড়াটিয়া বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রামুতে হুইল চেয়ার পেলো দুই প্রতিবন্ধী
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল। রবিবার হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী ও বায়তুশ শরফ মহাপরিচালক, হাসপাতালের সাধারণ সম্পাদক এম.এম সিরাজুল ইসলাম তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
রুয়েটে কর্মচারী সমিতির অভিষেক
রাজশাহী অফিস \ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মর্ত্তুজা আলী।
চুয়াডাঙ্গা একটি খামার প্রকল্পের পুরস্কার বিতরণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গা একটি বাড়ি একটি খামার দফতর ও জেলা প্রশাসনের আয়োজনে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রকল্পের জেলা পর্যায়ের উপকারভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।
সুনামগঞ্জে বিজিবির মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের মল্লিকপুরস্থ বিজিবির হেড কোয়ার্টারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিয়ায় বিনামূল্যে চক্ষু শিবির
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় গরীব অসহায়দের বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিত্সা দেয়া হয়েছে। জিসিআই হাসপাতালের উদ্যোগে রবিবার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ মুক্তিযোদ্ধা ভবনে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দীন।
ডোমারে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার ডোমারে উপজেলা ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মাঠে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্টের সহযোগিতায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন।
রাসিকে বিদায় সংবর্ধনা
রাজশাহী অফিস \ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সচিব কেএম আব্দুস সালামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও ব্যুরোর পরিচালক হিসাবে বদলি করা হয়েছে। রবিবার রাসিকের সভাকক্ষে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাউন্সিলর রবিউল আলম মিলু, নিযাম-উল আযীম, কামরুজ্জামান, বেলাল আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিছা সুলতানা, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার প্রমুখ।
বান্দরবানে হুইল চেয়ার বিতরণ
বান্দরবান প্রতিনিধি \ এপেক্স ক্লাবের উদ্যোগে বান্দরবানে গরীব অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং এপেক্স মেধাবৃত্তির পুরস্কার দেয়া হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন। এপেক্স ক্লাবের সভাপতি নূরুল আমিন চৌধুরী আরমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম প্রমুখ।
রানিশংকৈলে নারীর প্রতি সহিংসতা রোধে সভা
রানিশংকৈল প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার টেকিয়া মহেশপুর রেজিস্টার্ড প্রাইমারি স্কুল মাঠে ‘নারীর প্রতি সহিংসতামুক্ত আদর্শ গ্রাম প্রকল্পের আয়োজনে মডেল ভিলেজ গঠনে এলাকাবাসীর ভূমিকা’ শীর্ষক সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (ঢাকা) ও পল্লী শ্রী (দিনাজপুর)’র সহযোগিতায় মহেশপুর মডেল ভিলেজ এ্যাকশন কমিটির সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা।
