মির্জাপুরে ৫ মাসের মাথায় স্বামীকেও হত্যা করল দুর্বৃত্তরা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:০১
স্ত্রী খুনের পাঁচ মাসের মাথায় একই কায়দায় তার স্বামী আব্দুল আউয়ালকে (৭০) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকায় বিরাজ করছে আতংক। গতকাল রবিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাংগুড়ি গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এলাকার লোকজন ও পুলিশ জানায়, শনিবার রাতে আব্দুল আউয়াল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বৃদ্ধ আউয়ালকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। দিনের বেলায় স্থানীয় লোকজন এ ঘটনা দেখে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে। এলাকার লোকজন এবং পুলিশের ধারণা পারিবারিক কোন্দল এবং সম্পত্তির লোভেই দুর্বৃত্তরা পাঁচ মাসের ব্যবধানে প্রথমে স্ত্রী ও পরে স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে। আউয়ালের দুই পুত্র ও ৪ মেয়ে রয়েছে। উল্লেখ্য, গত পাঁচ মাস পূর্বে একই কায়দায় আব্দুল আউয়ালের স্ত্রীকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছিল। পরে পুলিশ তিনদিন পর লাশ ঐ গ্রামের পুকুর থেকে উদ্ধার করেছিল। ঐ হত্যার ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হলেও সেই মামলার কোন অগ্রগতি নেই বলে জানা গেছে। স্ত্রী হত্যার রেশ কাটতে না কাটতেই আবার স্বামী হত্যার কারণে এলাকায় বিরাজ করছে আতংক। এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।