নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার রাতে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন। পুলিশ জানিয়েছে মামলাটি দুদক তদন্ত করবে। দুদক জানায় বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) ডাঃ এএফএম হামিদুল হক, পরিচালক (অবসরপ্রাপ্ত) আমিনুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আব্দুল জব্বার সিকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুজ্জামানকে মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি ও সরকারি নির্দেশনা লংঘন করে আর্থিক লাভবান হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
