নিজের সাবেক ক্লাবকে বাঁচালেন ইনিয়েস্তা

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:০৫
আন্দ্রেস ইনিয়েস্তা তার শৈশবের ক্লাব আলবাসেতে বালোমপাইকে অবনমনের হাত থেকে বাঁচালেন। ক্লাবটির কাছে খেলোয়াড়দের বকেয়া ছিল প্রায় আড়াই লাখ ইউরো। নিজের পকেট থেকে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করে নিজের প্রিয় ক্লাবটিকে দায়মুক্ত করলেন এই বার্সেলোনা মিডফিল্ডার। গত শুক্রবার দিন বারোটা পর্যন্ত ছিল পাওনা পরিশোধের সর্বশেষ সময়সীমা। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যাংক অ্যাকাউন্টেই সেই টাকাটা পরিশোধের কথা ছিল। ইনিয়েস্তার কল্যাণে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই টাকাটা জমা হলো। এক্ষেত্রে পুরো দুই লাখ চল্লিশ হাজার ইউরোই নিজের পকেট থেকে দিয়েছেন গত বিশ্বকাপ ফাইনালের গোলদাতা। ইনিয়েস্তার এই ক্লাব প্রীতির খবর পেয়ে অন্যান্য উদ্যোক্তারাও ইতোমধ্যেই আগ্রহী হয়ে উঠেছেন ক্লাবটির প্রতি। জানা গেছে, এরই মধ্যে একজন বিনিয়োগকারি ক্লাবটির ৫১ ভাগ শেয়ার কিনে নিতে আগ্রহ দেখিয়েছেন।