লাখ টাকার বনসাই

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৩
মহানগরীর শেরেবাংলা নগরে চলছে বৃক্ষমেলা। বৃক্ষপ্রেমীরা ছুটে আসছেন মেলা প্রাঙ্গণে সবুজের রাজ্যে। সব বয়সী মানুষের আনাগোনা চলছে মেলার মাঠ জুড়ে। বিশেষ করে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাই ভিড় জমাচ্ছেন। একটি বনসাই তেঁতুল গাছ আনা হয়েছে মেলার পপী নার্সারিতে। গাছটির বয়স ১৪ বছর। দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা। এর দাম লাখ টাকা কেন ? এমন প্রশ্ন জাগতে পারে অনেকের মনে। গাছটি দেখতে ছোট হলেও বয়সে অনেক গাছকেই হার মানিয়েছে। ডাল পালায়, শাখা-প্রশাখা এবং শিকড়ে রয়েছে বয়সের ছাপ। কৃত্রিম ভাবে একে ছোট করে রাখা হয়েছে। গাছটি এই নার্সারির কর্মচারী আব্দুর রহিমের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। দাম নির্ধারণ করলেও বিক্রি করতে চাচ্ছেন না তিনি। আব্দুর রহিম জানান, ইচ্ছে করলেই বনসাই গাছ করা সম্ভব নয়। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। অনেক গাছকেই বনসাই করার চেষ্টা করেছি কিন্তু এই গাছটি ছাড়া অন্যগুলো করা সম্ভব হয়নি। নিয়মিত পরিচর্যা না করলে গাছ বড় হয়ে যায়। কম পরিমাণে পানি দিতে হয়। কোন সার ব্যবহার করা যাবে না। আব্দুর রহিম আরো জানান, কোন প্রশিক্ষণ ছাড়াই তেঁতুল গাছটি বনসাই করা হয়েছে। তবে বর্তমানে এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কলেজ, বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে পড়াশোনাও করানো হয়। শুধু তেঁতুলই নয়, কামিনী, হিজল, জারুল, তমাল, বট, পাকুর, কতবেল ইত্যাদি নানা গাছের বনসাই সম্ভব বলে জানান তিনি।