দুর্গম অঞ্চলে ডাক্তারদের চাকরি তিন বছর বাধ্যতামূলকের দাবি

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৪
বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমলেও চর ও উপকূলীয় অঞ্চলের অবস্থার উন্নতি হয়নি। অপেক্ষাকৃত দুর্বল স্বাস্থ্যসেবা, দুর্গম এলাকায় ডাক্তারদের অনুপস্থিতি, গাইনি ডাক্তার না থাকা, অপারেশন সুবিধা না থাকা, অ্যাম্বুলেন্স না থাকা, অপ্রশিক্ষিত দাইয়ের হাতে সন্তান প্রসব এবং সর্বোপরি মায়েদের সঙ্কটাপন্ন অবস্থায় প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা সদরে যাতায়াতের অসুবিধার কারণে পথেই অসংখ্য মা মৃত্যুবরণ করেন। এই অবস্থায় দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তারি পাসের পর দুর্গম এলাকায় কমপক্ষে ৩ বছর চাকরি বাধ্যতামূলক করার আইন দাবি জানিয়েছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত সংলাপে অংশগ্রহণকারী বক্তারা। গতকাল চর ও উপকূলীয় অঞ্চলের মাতৃস্বাস্থ্য ও যাতায়াতের সমস্যা বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে পাবলিক পলিসি ফোরামের এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে অধ্যাপক এম এ মান্নান এবং ডা. আমান উল্লাহ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে অধ্যাপক ডা: মো. সিরাজুল আকবর, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুন নাহার প্রমুখ। সংলাপ পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। চট্টগ্রামের সন্দ্বীপ ও পটিয়ার মাতৃস্বাস্থ্য এবং যাতায়াত সমস্যার বাস্তব অবস্থা পর্যবেক্ষণের গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল ও সালমা আক্তার। এতে বলা হয় ৬৫% নিষ্ক্রিয় কমিউনিটি ক্লিনিকগুলোকে সক্রিয় করা, কমিউনিটি ক্লিনিকের লোকবল ও সেবা-সরঞ্জাম নিশ্চিত করা, তাদের প্রশিক্ষণ, দক্ষ টেকনেশিয়ান নিয়োগ এবং অ্যাম্বুলেন্সসহ সকল সেবা-সরঞ্জাম রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত বাজেট দেয়া প্রয়োজন। এ এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোকে মাতৃস্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করা এবং দুর্গম এলাকার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের কথা বলেন তারা। পাশাপাশি তারা সন্দ্বীপের অকেজো সি-অ্যাম্বুলেন্স মেরামত ও চালু করা এবং সন্দ্বীপ ও চট্টগ্রামের স্টিমারগুলোর নিয়মিতকরণের উপর জোর দেন। অনুষ্ঠানে কাজিপুর পলিসি ফোরামের আহ্বায়ক গাজী হাবিবুর রহমান, উল্লাপাড়া পাবলিক পলিসি ফোরামের সদস্য গোলাম মোস্তফা, সন্দ্বীপ পাবলিক পলিসি ফোরামের সদস্য আবুল কাশেম, ঢাকাস্থ সন্দ্বীপ এসোশিয়েশনের সদস্য হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমুখ সংসদ সদস্যদের নিকট আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন।