ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নেয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিক রোগীরা কম গুরুত্ব দেন পায়ের যত্ন নিতে। ডায়াবেটিস রোগের নানা ধরনের উপসর্গ রয়েছে। জটিলতাও কম নয়। এই নীরব রোগটির কারণে শরীরের অঙ্গ-প্রতঙ্গ বিশেষ করে হাতে-পায়ে রক্ত সরবরাহ কমে যায়। এটাকে বলা হয় ইস্কেমিয়া। ডায়াবেটিক রোগীদের আর একটি সমস্যা হচ্ছে নিউরোপ্যাথি। এক্ষেত্রে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। আর এই ইস্কেমিয়া ও নিউরোপ্যাথির কারণে রোগীর পায়ে রক্ত চলাচল কম হয় এবং অনুভূতি বা সেনসেশন হ্রাস পায়। এ কারণে পায়ের নানা সমস্যা দেখা দিতে পারে এবং কোন ক্ষত হলে তা শুকাতে বিলম্ব হয়। আর যদি পায়ের এধরনের ক্ষত শুকাতে যথাযথ চিকিত্সা না নেয়া হয় তবে ক্ষতে ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন থেকে সেপসিস, গ্যাংগ্রিন হবার ঝুঁকি থাকে। আর গ্যাংগ্রিন হলে পায়ের আঙ্গুল বা গ্যাংগ্রিনের বিস্তৃতি বেশি হলে পা কেটে ফেলতে হয় (অ্যাম্পুটেশন)। ডায়াবেটিক রোগীদের পায়ের যত্ন নিতে বিশেষজ্ঞগণ দেড় ইঞ্চির বেশি হাই হিল জুতা না পরার জন্য পরামর্শ দিয়েছেন মহিলাদের। আর ডায়াবেটিক বিশেষজ্ঞ ড. ব্রেনডান জে বারজিন-এর অভিমত: ডায়াবেটিক রোগীদের অবশ্যই বছরে অন্তত: একবার পা পরীক্ষা করা উচিত।
লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
