তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশি নির্যাতনের মাধ্যমে ছাত্রদলের দুই কর্মীর নিকট থেকে মিথ্যা ও বানোয়াট স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করতে সরকারই তথ্যমন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
