নিজের দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকতে চান নতুন কোচ

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:১৬
নির্বাচনী পরিস্থিতির কারণে হকির বর্তমান পরিবেশ বেশ ঘোলাটে। প্রজ্ঞাপন জারি করা পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে হকির ভবিষ্যত্। এমন পরিস্থিতির মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন জাতীয় দলের নতুন পাকিস্তানী কোচ নাভিদ আলম। তবে কোচের ভূমিকায় প্রথমবার ঢাকায় এসে কোচ জানালেন, পরিবেশ যেমনই হোক না কেন শুধু নিজের দায়িত্ব নিয়েই মাথা ঘামাতে চান তিনি। এক বছরের জন্য চুক্তি হওয়ার কথা থাকলেও, নাভিদ গতকাল জানালেন সেটা হয়নি। মেয়াদ কমিয়ে আপাতত চুক্তিটা হচ্ছে ছয় মাসের জন্য। কারণ ফেডারেশন কর্মকর্তারা আপাতত এশিয়া কাপ হকিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। এর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে তার ভবিষ্যত্। মালয়েশিয়ায় এশিয়া কাপ হকি শুরু হবে ২৪ আগস্ট। গতকাল দুপুরে ঢাকা পৌঁছানোর পর সন্ধ্যায়ই এই পাকিস্তানি হকি ফেডারেশনে চলে আসেন। খুব বেশি সময় নষ্ট না করে খেলোয়াড়দের সাথে বৈঠকেও বসেন। সেখানে খেলোয়াড়দের উদ্দেশ্যে তার মূল কথাটা ছিল খেলার দিকে মনযোগ দেয়া। এর আগেই তিনি কথা বলেন আগে এই প্রতিবেদকের সঙ্গে। জানালেন এদেশের হকিতে তার আগমন নতুন। এর আগেও তিনি এসেছিলেন ৯৯ সালে। ঊষার হয়ে লিগ খেলতে। লিগের প্রায় সবকটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু শেষ ম্যাচের আগে কামালের সাথে খুনসুটি করতে গিয়ে মাসলে টান লেগে ছিটকে পড়েন তিনি। তারপর দেশে ফেরত যান এই ডিপ ডিফেন্ডার নাভিদ আলম। এবার ঢাকায় এলেন কোচ হিসাবে। ঊষার কর্মকর্তা আব্দুর রশিদ বললেন, নাভিদ অনেক ভালো মানের কোচ। তার পারিশ্রমিকও অনেক বেশি। কিন্তু আমাদের ঊষার সাথে সম্পর্ক থাকায় অনেক কম পারিশ্রমিকে আনা সম্ভব হয়েছে।’ ৯৪ বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন পাকিস্তান দলের খেলোয়াড় ছিলেন নাভিদ আলম। ৯৮ বিশ্বকাপ হকির আসরে খেলেছেন তিনি। খেলা ছেড়ে দিয়ে কোচিং পেশায় নাম লেখান নাভিদ। তিনি জানান, হল্যান্ড, বেলিজিয়ামের ক্লাব হকিতে কোচ ছিলেন। এরপর নাভিদ ইউরোপ ছেড়ে পাড়ি জমান এশিয়ায়। চার বছর চীন হকি দলকে তালিম দিয়েছেন। এই সময় তার বড় সাফল্য হচ্ছে চীন হারিয়েছিল নিজ দেশ পাকিস্তানকে। ২০০৬ সালে কাতার এশিয়ান গেমস হকিতে চীন হারায় পাকিস্তানকে। নাভিদ এখন পাকিস্তান অলিম্পিক কমিটির সদস্য। তিনি সেখানে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে জড়িত। বাংলাদেশে হকি দলের দায়িত্ব নিতে আগ্রহের কারণটা জানতে চাইলে নাভিদ আলম বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্য আছে। আত্মবিশ্বাস আছে। এখন এটাকে একটা দল হিসাবে কাজে লাগাতে হবে।’ নাভিদ বলেন, টিম ওয়ার্কটা এখানে বড় ব্যাপার। শুধু খেলোয়াড়রা এক হলেই টিম ওয়ার্ক হবে না। কোচ কর্মকর্তাসহ যারাই হকির সাথে সম্পৃক্ত তারা সবাই মিলে টিম ওয়ার্ক তৈরি করতে হবে।’ নাভিদ আলম বলেন, আমরা দলটাকে কোথায় নিয়ে যাচ্ছি আর তাতে বাংলাদেশ কি পাচ্ছে এখন সেটাই দেখার ব্যাপার।’ পাকিস্তানী কোচ থাকলেও তিনি হবেন উপদেষ্টা কোচ। সাথে মূল দায়িত্বে থাকবেন বর্তমান কোচ মাহবুব হারুন।