অনেক জটিলতার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে নতুন একটি জটিলতা তৈরি হয়েছে জাতীয় নির্বাচক কমিটি নিয়ে। নির্বাচক কমিটির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়ে যাওয়ায় নতুন করে হয়তো চুক্তি বাড়ানো হতো আকরাম খানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির সঙ্গে। কিন্তু বাধ সেধেছে আকরাম খানের ইচ্ছে—তিনি বোর্ডে পরিচালক হিসেবে আসতে চান; তাই নির্বাচনের তারিখ ঘোষণা হলে এই দায়িত্ব আর চালিয়ে যেতে চান না।
কাল বিমানবন্দরে নেমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, তিনি এই ব্যাপারটি নিয়েই চিন্তিত এখন। তবে নির্বাচক কমিটির ব্যাপারে দু’-একদিনের মধ্যে অনুষ্ঠিতব্য বিসিবির জরুরি সভায় সিদ্ধান্ত নেয়ার কথাই জানালেন সভাপতি, ‘আমি বিমান থেকে নেমেই কর্মকর্তাদের এটা বলছিলাম। এটা এখন আরেকটা চিন্তার ব্যাপার হলো। আকরাম নাকি বেশিদিন আর কাজটা করতে চায় না। সে ক্ষেত্রে নতুন প্রধান কে হবে, সেটা তো আমি একা ঠিক করতে পারবো না। দু’-একদিনের মধ্যে, সম্ভব হলে আগামী পরশুই (আগামীকাল) একটা বোর্ড মিটিং করতে চাই। সেখানে আরও সব বিষয়ের সঙ্গে নির্বাচক কমিটির ব্যাপারটাও ঠিক করবো আমরা নতুন সদস্য কে বা কারা আসবে, কে প্রধান হবে; সব ঠিক করা হবে।’
