যুক্তরাষ্ট্রের ১৯ জন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০১৩, ২২:৩৮
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে ১৯ জন অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে এখনো বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। কোনো কোনো এলাকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে নিহত কর্মীদের বীর আখ্যা দিয়ে তাদের জন্য প্রার্থনা করার আহবান জানিয়েছেন। খবর বিবিসি ও ডনের। অ্যারিজোনার ফিনিক্স শহরের ৮০ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ারনেল শহরের পাহাড়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সময় ১৯ জনের মৃত্যু হয়। ৯/১১-এর পর দেশটিতে এটাই সর্বোচ্চ অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যুর ঘটনা। অ্যারিজোনা রাজ্যের ফরেস্ট্রি কমিশনার আর্ট মরিসন বলেন, এই অগ্নিনির্বাপক দলটি অভিজাত ‘হটশট’ টিমের সদস্য। তারা দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে প্রাণ হারিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া এই দাবানলের কারণে ১ হাজার একর শুষ্ক ঝোপ ও ঘাসে ছাওয়া ভূমি পুড়ে গেছে। দাবানলের কারণে তীব্র গরম বাতাস নিকটবর্তী ইয়েরনিল ও পিপলেস ভ্যালি নামক দুটি শহরের অধিবাসীদের সরিয়ে নেয়া হয়েছে। প্রায় দুইশত ঘরবাড়ি পুড়ে গেছে। দেশটির দাবানল নিয়ন্ত্রণ বিষয়ক কর্তৃপক্ষ গত রবিবার এ তথ্য জানিয়েছে। প্রচণ্ড তাপপ্রবাহ, কম আর্দ্রতা ও তীব্র বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাদাসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক দিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অসহনীয় গরমে অনেকেই পানিশূন্যতা ও দুর্বলতায় ভুগছে। কোনো কোনো এলাকার তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাহলে এটি হবে বিশ্বের তাপমাত্রার সর্বকালের রেকর্ড।