দেশের একমাত্র নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহম্মেদ ও বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম দেখা করেছেন। মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে গতকাল সোমবার তারা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তারা ড. ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংককে খণ্ড-বিখণ্ড করা বা এটিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া কিংবা ব্যাংকটির কাঠামো বদলের কোনো পদক্ষেপকে তারা সমর্থন করবেন না। এছাড়া সমপ্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করায় তারা ড. ইউনূসকে অভিনন্দন জানান। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০০
শিক্ষক দেখা করলেন
বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার ও মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনূস সেন্টারে গতকাল ড. ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় করেন। এ সময় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান । ১০০ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রামীণ ব্যাংকের কর্মীদের
কালোব্যাজ ধারণ আজ
গ্রামীণ ব্যাংক ভেঙ্গে ১৯ টুকরা করা এবং গ্রামের দরিদ্র মানুষের মালিকানায় প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকার কর্তৃক গ্রহণ করার সুপারিশমালার প্রতিবাদে গ্রামীণ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী আজ মঙ্গলবার কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে। এরই অংশ হিসাবে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর-২, ঢাকায় কর্মরত সকল সহকর্মী কালোব্যাজ পরিহিত অবস্থায় আজ দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করবেন। গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. মহসিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে।
